ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৬ - ১১:১০ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেচে-গেয়ে ওরাঁওদের ‘কারাম’ উৎসব উদযাপিত

  • আপডেট: Saturday, September 19, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: ঝাঁকঝমকপূর্ণ নাচ-গান, লোককাহিনি পরিবেশন ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদযাপিত হয়েছে ওরাঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘কারাম পূজা’ ও উৎসব।

সুখ-শান্তি, সমৃদ্ধি ও ভালো ফসলের প্রত্যাশায় আয়োজিত দুই দিনব্যাপী এ উৎসব গত শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে শুরু হয়। পরে গতকাল শনিবার সন্ধ্যায় নদীর পানিতে কারাম গাছের ডাল বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ওঁরাও কালচারাল ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রণিকান্ত তিকী। এর আগে উৎসব উপলক্ষে শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো রাবি ক্যাম্পাসজুড়ে।

আয়োজকরা জানান, ওরাঁও সম্প্রদায়ের মানুষের কাছে ‘কারাম’ গাছ পরম পবিত্রতা ও মঙ্গলের প্রতীক। বংশপরম্পরায় আশ্বিন মাসের শুরুতে এই উৎসব পালন করে আসছেন তারা। তাদের দীর্ঘদিনের বিশ্বাস, এই কারাম পূজার মাধ্যমে তারা প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও খরা থেকে মুক্তি পান; একই সঙ্গে জমিতে ভালো ফসল এবং পরিবার ও সমাজের সার্বিক মঙ্গল অর্জিত হয়। উৎসবের প্রচলিত রীতি অনুযায়ী, ওরাঁও সম্প্রদায়ের ভক্তরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্জলা উপবাস পালন করেন।

পরবর্তীতে দলবেঁধে নেচে-গেয়ে কারাম গাছের ডাল সংগ্রহ করে এনে পূজার বেদিতে স্থাপন করা হয়। ডাল স্থাপনের পর চলে ধর্মীয় আচার-অনুষ্ঠান, ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত ও বংশানুক্রমিক লোককাহিনি পরিবেশন। বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন নিয়ে রাবির প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছবি বীর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমতলের আদিবাসীরা প্রথমবারের মতো এই উৎসব উদযাপন করছি। প্রত্যাশার চেয়েও অনেক বেশি সাড়া ও ইতিবাচক পরিবেশ পেয়ে আমরা সত্যিই আনন্দিত।

বাংলাদেশ ওঁরাও কালচারাল ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রণিকান্ত তিকী জানান, ওরাঁও সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যকে ধারণ করাই মূলত এই উৎসবের মূল উপজীব্য। বর্তমানে সমতল ভূমির আদিবাসীদের মধ্যে এটি পালনের আগ্রহ ও সুযোগ উভয়ই বেড়েছে। উৎসবের গুরুত্ব তুলে ধরে ৭২ বছর বয়সী লালু সরদার বলেন, কারাম পূজা আমাদের সবচেয়ে বড় ও প্রধান উৎসব। এই উৎসবের মূল উদ্দেশ্য হলো পরিবার ও সম্প্রদায়ের মঙ্গল প্রার্থনা করা।

উৎসবের আলোচনা সভায় উপস্থিত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদুল ইসলাম ওরাঁও সম্প্রদায়ের প্রতি সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জোর আহ্বান জানান। তিনি বলেন, আপনারা আধুনিক শিক্ষায় শিক্ষিত না হলে অনেক পিছিয়ে পড়বেন। তাই নিজেদের ছেলে-মেয়েদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন। নিজেদের কখনো ছোট ভাববেন না; বরং নিজেদের যোগ্য হিসেবে তুলে ধরে দেশের কল্যাণে কাজ করুন।