ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৬ - ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট: Saturday, September 19, 2026 - 10:11 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ঐতিহ্যবাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘সুবর্ণজয়ন্তী-২০২৬’ উদযাপনের লোগো/স্মারক মোড়ক উন্মোচন এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১২টায় আইএইচটি প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও আইএইচটি রাজশাহীর অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মহাম্মদ ওয়াসি পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমীর ডা. মো. জাহাঙ্গীর আলম।

এ ছাড়া অনুষ্ঠানে মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন এবং রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনিসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে আইএইচটির গৌরবময় ৫০ বছরের শিক্ষা, প্রশিক্ষণ ও দেশের স্বাস্থ্যসেবা খাতে অনন্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

একই সঙ্গে আগামী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে স্মরণীয় ও সফল করে তুলতে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মো. মামুনুর রশিদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।