ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপডেট: Thursday, September 17, 2026 - 11:20 pm

স্টাফ রিপোর্টার: পদ্মা নদীর পানি বৃদ্ধিতে প্লাবিত রাজশাহী মহানগরীর শ্রীরামপুর এলাকায় বন্যাদুর্গত ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

বৃহস্পতিবার বিকেলে শ্রীরামপুর নগর স্বাস্থ্যকেন্দ্রে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় এ ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়। পদ্মার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিচু এলাকায় বসবাসকারী মানুষের দুর্ভোগ বাড়ায় রাসিকের পক্ষ থেকে এ সহায়তা উদ্যোগ নেওয়া হয়।

ত্রাণসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, হুট করে পানি বাড়ায় তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছিল। এই জরুরি সহায়তায় আগামী কয়েকদিন তাঁদের পারিবারিক সংকট অনেকটাই লাঘব হবে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান, সাবেক কাউন্সিলর সোহরাব হোসেন শেখ, রাসিক প্রশাসকের ব্যক্তিগত সহকারী এনায়েতুল ইসলাম রঞ্জু এবং স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নদী তীরবর্তী অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও রাসিকের এই সহায়তা কার্যক্রম চালু রয়েছে। এর আগে গত বুধবার নগরীর তালাইমারী শহিদ মিনার এলাকায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সরাসরি উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও ওষুধ বিতরণ করেন।