রাজশাহীজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৩০
স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার নিয়মিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রেঞ্জের বিভিন্ন জেলা পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের গ্রেপ্তারে এই অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে মোট ৭৩টি মামলা করা হয়েছে।
এর মধ্যে দুটি হত্যা, চারটি চুরি, দুটি নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত এবং অন্যান্য অপরাধে ৬৫টি মামলা রয়েছে। তবে এ সময়ে ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা হয়নি; অপমৃত্যুর ঘটনা ঘটেছে চারটি।
আইন-শৃঙ্খলা রক্ষায় রেঞ্জজুড়ে পরিচালিত ১৪৫টি অভিযানের মাধ্যমে আটক ২৩০ জনের মধ্যে পরোয়ানাভুক্ত ৮৭ জন, সাজাপ্রাপ্ত ১৪ জন, তদন্তাধীন মামলার ১১৪ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় ১৫ জন রয়েছেন।
এছাড়া পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২৬ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে একটি বার্মিজ চাকু, ১০১ গ্রাম হেরোইন, ২৮১ পিস ইয়াবা, ১০ বোতল বিদেশি মদ, ২১১ পিস ট্যাপেন্টাডল এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে কোনো চোরাচালানি পণ্য উদ্ধার হয়নি।
অন্যদিকে, পুলিশি জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩ জন নাগরিক পুলিশি সেবা গ্রহণ করেছেন। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত সেবা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫০১ জনে।
সোনালী/জগদীশ রবিদাস











