সামরিক মর্যাদায় মায়ের কবরের পাশে সমাহিত সেনাসদস্য রিফাত
স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে ট্যাংক ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য (গানার) তাসনিম রিফাতকে (২৮) সামরিক মর্যাদায় মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিন বছর আগে ক্যানসারে মারা যাওয়া মায়ের কবরের পাশেই শেষ ঠিকানা হলো এই তরুণ সেনাসদস্যের।
এর আগে সকালে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে চট্টগ্রাম থেকে রিফাতের মরদেহ রাজশাহী সেনানিবাসে আনা হয় এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়িতে পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
জানাজায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বজন ও হাজারো মানুষ অংশ নেন।
জানাজা শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। ১৮ জানুয়ারি ২০১৮ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া রিফাত আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সদস্য ছিলেন।
গত বুধবার চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় বিস্ফোরণে তিনি ও আরেক সেনাসদস্য নিহত হন।











