ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৬ - ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাতে খাতা পুনঃযাচাই নিয়ে বিতর্ক: শিক্ষা বোর্ডের দাবি ‘রুটিন কাজ’

  • আপডেট: Wednesday, September 9, 2026 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ার পর আবারও খাতা যাচাই করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে ২৭ জন শিক্ষককে বোর্ডে ডেকে এনে ইংরেজি ও গণিতসহ বিভিন্ন বিষয়ের খাতা পুনরায় যাচাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও নির্ধারিত সময়ের বাইরে রাতের বেলায় শিক্ষকদের ডেকে খাতা পুনঃযাচাই এবং কিছু ফলাফলে পরিবর্তন আনার কাজ করা হয়েছে। ফলে ফল প্রকাশের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে প্রশ্ন জেগেছে। তাঁদের মতে, ফলাফলের মতো সংবেদনশীল বিষয়ে পুনঃযাচাইয়ের ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা ও পদ্ধতি অনুসরণ করা জরুরি।

অভিযোগের বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী জানান, ফল পরিবর্তনের উদ্দেশে শিক্ষকদের ডাকা হয়নি। পুনঃনিরীক্ষণের পর বিশেষ করে ইংরেজি ও গণিত বিষয়ে প্রত্যাশার চেয়ে বেশি শিক্ষার্থী ফেল করায় এবং ফলে কিছু অসামঞ্জস্য দেখা দেয়ায় কারণ নিশ্চিত হতে সংশ্লিষ্ট শিক্ষকদের আনা হয়েছে। দ্রুত কাজ শেষ করার বাধ্যবাধকতা থাকায় রাতে এ কাজ পরিচালনা করা হয়।

অন্যদিকে, প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে রাজশাহী শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে বিষয়টিকে তাদের ‘জরুরি ও নিয়মিত রুটিন কার্যক্রম’ বলে দাবি করেছে।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফল পুনঃনিরীক্ষণ কার্যক্রম প্রচলিত বিধি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন করা হয়েছে। বিপুলসংখ্যক আবেদন এবং শিক্ষাবর্ষের কথা বিবেচনা করে নির্ধারিত সময়সীমা মেনে চলতে অফিস সময়ের পরেও কার্যক্রম চালানো বোর্ডের একটি স্বাভাবিক বিষয়। কোনো শিক্ষার্থী যেন ভুল মূল্যায়নের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আরও জানায়, রাতের বেলায় চলমান এই জরুরি প্রাতিষ্ঠানিক কাজকে ভিন্ন প্রেক্ষাপটে বা ভুলভাবে উপস্থাপন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে কোনো ধরনের গুজব বা অসম্পূর্ণ তথ্যে বিভ্রান্ত না হতে শিক্ষার্থী, অভিভাবক ও সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোনালী–/জগদীশ রবিদাস