ছাত্রলীগের সাজাপ্রাপ্ত নেতার পরীক্ষা দেয়া ঘিরে রাবিতে ছাত্রদলের অবস্থান
স্টাফ রিপোর্টার: জুলাই আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগে সাজাপ্রাপ্ত ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদিনের পরীক্ষায় অংশগ্রহণকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করেছে।
বুধবার সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষের ১ম সেমিস্টার পরীক্ষায় ওই শিক্ষার্থী অংশ নেন। মিনহাজুল আবেদিন বিজয়ের ২৪ ঘণ্টার হলের তৎকালীন দপ্তর সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগে দুই বছরের প্রশাসনিক শাস্তি দেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভাগের সভাপতি প্রফেসর গোলাম কিবরিয়া ফেরদৌস জানান, শাস্তির মেয়াদ শেষ হওয়ায় এবং প্রক্টরিয়াল বডির মতামত অনুযায়ী তার পরীক্ষায় বসতে কোনো আইনি বাধা ছিল না।
তবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব ও যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল অভিযোগ করেন, এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও তাকে গ্রেপ্তার না করে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া আন্দোলনকারীদের সঙ্গে প্রতারণা। তারা দ্রুত আসামিকে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।











