ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৬ - ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে অবৈধ সার মজুত ডিলারের এক মাসের কারাদণ্ড

  • আপডেট: Wednesday, September 9, 2026 - 10:08 pm

গোদাগাড়ী প্রতিনিধি: গোদাগাড়ীতে অনুমোদিত সীমার বাইরে বিপুল পরিমাণ সরকারি সার অবৈধভাবে মজুত রাখার দায়ে সোলাইমান পাটোয়ারী নামে এক ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে ৮১৭ বস্তা সার জব্দ করা হয়েছে।

গত মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে শুরু করে রাত সাড়ে ৩টা পর্যন্ত গোদাগাড়ী পৌরসভার ডাইংপাড়া এলাকায় অবস্থিত ওই ডিলারের ‘মেসার্স কৃষি ঘর’ নামক প্রতিষ্ঠানের গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযান সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সোলাইমান পাটোয়ারী বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসির)একজন নিবন্ধিত সার ডিলার।

ডিলারের গুদামে নিয়ম না মেনে সার মজুত করে রাখার গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে গুদামে থাকা সার গণনা করে মোট ৮১৭ বস্তা সার পাওয়া যায়, যার মধ্যে ৬১৬ বস্তা (এমওপি) এবং ২০১ বস্তা (টিএসপি) সার ছিল।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাহেদ, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী। সরকারি নিয়মনীতি অমান্য করে অবৈধভাবে সার মজুত রাখায় সার ব্যবস্থাপনা আইনে ডিলার সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

অভিযান শেষে ইউএনও বলেন, “কৃষকদের দোরগোড়ায় সরকার নির্ধারিত মূল্যে এবং সঠিক সময়ে সার সরবরাহ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্রে আমাদের এই তদারকি এবং অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো ডিলার বা ব্যবসায়ী যদি অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করেন কিংবা কৃষকদের হয়রানি করেন, তবে তার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।