ঢাকা | সেপ্টেম্বর ৭, ২০২৬ - ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে কোচিং সেন্টারের ‘শিক্ষা বাণিজ্য’ বন্ধ চায় মহানগর যুবদল

  • আপডেট: Sunday, September 6, 2026 - 10:16 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বিভিন্ন কোচিং সেন্টারে নানা অনিয়ম, উচ্চহারে অতিরিক্ত ফি আদায় ও শিক্ষা বাণিজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, রাজশাহী মহানগর শাখা।

রোববার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি স্বাক্ষরিত এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, রাজশাহী মহানগরীতে কোনো ধরনের নির্দিষ্ট নীতিমালা বা প্রশাসনিক তদারকি ছাড়াই ব্যাঙের ছাতার মতো বিপুল সংখ্যক কোচিং সেন্টার গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে ইচ্ছামতো উচ্চহারে ফি নির্ধারণ করার ফলে দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর তীব্র আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে।

এছাড়া অনেক কোচিং সেন্টারে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করানোর ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা নানাভাবে মানসিক চাপের শিকার হচ্ছে। এমনকি কোনো রিপিট কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের থেকেও নতুন শিক্ষার্থীদের মতো পূর্ণ ফি আদায় করা হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে আরও গুরুতর অভিযোগ তুলে ধরে বলা হয়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষক সরাসরি এই অনৈতিক কোচিং বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তারা শিক্ষার্থীদের নির্দিষ্ট কোচিংয়ে ভর্তি হতে নানাভাবে চাপ প্রয়োগ করছেন এবং কথা না শুনলে পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিচ্ছেন।

এ অবস্থায় শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক স্বার্থ রক্ষায় কোচিং সেন্টারগুলোর ফি কাঠামো নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়ন করা, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোতে তদন্ত সাপেক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, কোচিং বাণিজ্যে জড়িত সরকারি শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া এবং প্রতিটি ব্যাচে শিক্ষার্থী ভর্তির সীমা নির্ধারণ ও তদারকি নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছে মহানগর যুবদল।