ঢাকা | সেপ্টেম্বর ৭, ২০২৬ - ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপে গোমস্তাপুর চ্যাম্পিয়ন

  • আপডেট: Sunday, September 6, 2026 - 10:09 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২৬ এ  গোমস্তাপুর উপজেলা ফুটবল দল টাইব্রেকারে ৪-৩ গোলে সদর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।

নির্ধারিত সময়ে তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলাটি গোলশুণ্য ড্র থাকার পর জয়-পরাজয় নির্ধারণী হয় টাইব্রেকারে।

রোববার বিকালে হাজার হাজার দর্শকে গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে নতুন অধ্যায় রচনা করে। তবে গ্যালারিতে দর্শকরা বসার জায়গা না পেয়ে খেলার এক পর্যায়ে কাঁটা তারের বেড়া এবং গেট ভেদ করে মাঠে প্রবেশ করে সাইড লাইনের বাইরে থেকে খেলা দেখেন। তবে খেলার বিঘ্ন ঘটেনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ষ্টেডিয়ামে (নতুন) সমাপনী খেলা শেষে সন্ধ্যায় চ্যাম্পিয়ন, রানাস-আপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহীর নবাগত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। চ্যাম্পিয়ন দলকে ৭৫ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৫০ হাজার টাকা দেন প্রধান অতিথি।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উজ্জল কুমার ঘোষ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু প্রমুখ।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় টূর্ণামেন্ট সেরা খেলোয়াড় হন সদর উপজেলার নাসির। ৫ টি করে গোল করে টূর্ণামেন্টে সর্বোচ্চ গোলদাতা হন সদরের ওমর ও গোমস্তাপুরের প্রণয়। চুড়ান্ত খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হন গোমস্তাপুরের ১২ নং জার্সিধারী আবু বক্কর।