ঢাকা | অগাস্ট ২০, ২০২৬ - ১০:১৮ অপরাহ্ন

সাংবাদিককে অবরুদ্ধ ও হেনস্তার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • আপডেট: Thursday, August 20, 2026 - 10:02 pm

স্টাফ রিপোর্টার: তানোরে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক ছোটন সরদারকে অবরুদ্ধ করা, মুঠোফোন কেড়ে নেয়া ও হেনস্তার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ‘আন্তঃপ্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি’ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। প্রমিলা কিস্কুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, আইনজীবী শামসুন্নাহার মুক্তি ও জুলফিকার আলী হায়দার।

বক্তারা অভিযোগ করেন, গত ১৭ আগস্ট তানোরের একটি আদিবাসী পাড়ায় মারামারির সংবাদের তথ্য সংগ্রহ করতে গেলে বিজয় বাংলা নিউজের রিপোর্টার ছোটন সরদারকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ রেখে ভিডিও ফুটেজ মুছে ফেলা হয় এবং বলপ্রয়োগ করে স্বীকারোক্তিমূলক বক্তব্য নেয়া হয়। স্বাধীন সাংবাদিকতায় বাধা প্রদানকারী অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।