আরএমপির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৮
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ আটজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গত বুধবার সন্ধ্যায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেবপাড়া থেকে ফরহাদ আলী ওরফে পারভেজ (২৫) ও মোস্তাফিজুর রহমান রিফাতকে (২১) ৮৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ ৪ হাজার ৭০০ টাকাসহ গ্রেপ্তার করা হয়। পারভেজের বিরুদ্ধে পূর্বের ৪টি ও রিফাতের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
একই সময়ে নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৯ পিস ট্যাপেন্টাডল ও নগদ ১৫ হাজার ২০০ টাকাসহ তুষার ইমরান (২৬), রায়হান ইসলাম (২৭), সাহারূপ আলী ওরফে রবিন (২২), আমিনুল ইসলাম ওরফে সাব্বির (২৫) ও রাব্বিকে (২৬) গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, দুপুরে ডিঙ্গাডোবা মতি চত্বর এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ মুরাদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।











