রাবি শিক্ষার্থীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর, গলা চেপে হত্যাচেষ্টা ও ইট দিয়ে জখম করার অভিযোগে এক বহিরাগত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার সকালে চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী পূর্বপাড়ার ‘শুভ ভিলা’ নামক ছাত্রাবাসে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী লেবানন বম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত যুবকের নাম হাসানুজ্জামান, যার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে। তিনিও একই ছাত্রাবাসে থাকতেন।
মামলার এজাহার অনুযায়ী, বাথরুম পরিষ্কার করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে হাসানুজ্জামান কক্ষে ঢুকে লেবানন বমকে কিল-ঘুষি মারেন এবং গলা চেপে ধরেন। হাত ছাড়িয়ে নিলে তিনি কক্ষে থাকা ইট দিয়ে লেবাননের পিঠে আঘাত করে গুরুতর জখম করেন।
পরে তাকে কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে রাবি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন। এ সময় প্রত্যক্ষদর্শী ওসল চাকমা বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।
রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, অভিযুক্ত বহিরাগত হওয়ায় বিষয়টি আইনগতভাবে সমাধানের জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে। চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগপত্র গ্রহণ করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।











