ঢাকা | অগাস্ট ১৯, ২০২৬ - ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট: Wednesday, August 19, 2026 - 10:53 pm

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য র‌্যালি ও পথসভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল।

বুধবার বিকেলে নগরীর বাটার মোড়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন নেতৃবৃন্দ। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সেখান থেকে এক শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান জনির সঞ্চালনায় কর্মসূচিতে স্থানীয় বিএনপি, শ্রমিক দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পথসভায় বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ বর্তমান সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির প্রশংসা করেন এবং দেশবিরোধী নানা ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সকল নেতাকর্মীকে সজাগ থেকে রাজপথে থাকার আহ্বান জানান।