ঢাকা | অগাস্ট ১৮, ২০২৬ - ১১:২৫ অপরাহ্ন

উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ বিভাগীয় কমিশনারের

  • আপডেট: Tuesday, August 18, 2026 - 10:44 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়ন, আন্তঃদপ্তর সমন্বয় জোরদার এবং জনসেবার মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ নির্দেশনা দেন তিনি। সভায় বিভাগের আট জেলার জেলা প্রশাসক, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি বৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ অংশ নেন।

সভায় খাদ্য বিভাগ জানায়, চলতি মৌসুমে বিভাগে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতিমধ্যে ১ লাখ ৬৩ হাজার ৩৪৯ মেট্রিক টন ধান এবং ২ লাখ ৩৯ হাজার ৬৫৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে ৮ লাখ ৩৩ হাজার ৭৫১ জন উপকারভোগীর তালিকা হালনাগাদ করা হয়েছে। এছাড়া ১৬৫টি ওএমএস কেন্দ্রে চাল ও আটা বিক্রি কার্যক্রম চলছে।

কৃষি বিভাগ জানায়, আমন চাষ শুরু হয়েছে এবং সারের সরবরাহ স্বাভাবিক রয়েছে। নিরাপদ ফসল উৎপাদন, জৈব সার ব্যবহার এবং ক্ষতিকর উপাদান ব্যবহার বন্ধে কৃষকদের সচেতন করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জে জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পদ্মার তীর সংরক্ষণ এবং রাজশাহী-নাটোরে বরই নদী খনন ও দূষণমুক্তকরণ কার্যক্রম চলছে। পাবনায় ইছামতী নদী পুনরুজ্জীবন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় জমি অধিগ্রহণে জেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

বিভাগীয় কমিশনার বোরো সেচ মৌসুমে কৃষকদের সুবিধার্থে নির্দিষ্ট সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ওই সময়ে লোডশেডিং যেন না থাকে সে বিষয়ে পল্লী বিদ্যুৎ বিভাগকে নির্দেশ প্রদান করেন। বিশেষ করে রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখারও নির্দেশ দেন। বিদ্যুৎ চুরি ও অপচয় রোধে অভিযানে গত মাসে প্রায় ৩০ লাখ টাকা জরিমানা আদায় হয়েছে পল্লী বিদ্যুৎ বিভাগ সভাকে জানান।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানায়, সোনামসজিদ এলাকায় একটি জাদুঘর স্থাপনের পরিকল্পনার রয়েছে এবং সেপ্টেম্বর থেকে এর কার্যক্রম শুরু হতে পারে। এছাড়া সোনামসজিদের প্রাচীন সমাধিগুলোর সুরক্ষায় সীমানাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। নাটোর রাজবাড়ির গেজেটভুক্ত ভবনগুলোর সংস্কারের জন্য একটি ডিডিপি প্রণয়ন ও ফিজিবিলিটি স্টাডির কাজ চলছে।

আগামী সেপ্টেম্বর থেকে পাহাড়পুর ও মহাস্থানগড়ে ই-টিকিটিং চালুর উদ্যোগ নেয়া হয়েছে। ঐতিহাসিক স্থানগুলোর নিরাপত্তা ও দেখভালের জন্য লোকবলের অভাব বা যেকোন সমস্যা সমাধানে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে স্থানীয় ইউনিয়ন পরিষদ, গ্রাম পুলিশ এবং জেলা পরিষদের সহায়তা নেয়ার বিষয়ে সভাপতি সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেন।

প্রাণিসম্পদ বিভাগ এলএসডি ও পিপিআর রোগ নিয়ন্ত্রণে টিকাদান ও চিকিৎসাসেবা চালাচ্ছে। নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদনে সচেতনতামূলক কার্যক্রম এবং ভেজাল দুধের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও সুগন্ধি চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়টি নজরদারিতে রয়েছে। অতিরিক্ত দামে গ্যাস-তেল বিক্রি এবং চাল ভেজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

পরিবার পরিকল্পনা বিভাগে দীর্ঘদিনের জনবল সঙ্কটের বিষয়টিসভায় আলোচনা হয়। প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত প্রয়োজনে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল ঘাটতি পূরণের মাধ্যমে সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার পরামর্শ প্রদান করেন বিভাগীয় কমিশনার।

সমাজসেবা বিভাগ জানায়, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে বিভাগের ৭৬টি ইউনিটের মধ্যে ৭৫টির কাজ সম্পন্ন হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা জিটুপি পদ্ধতিতে এখন থেকে সরাসরি কার্ডধারীদের প্রদত্ত যেকোনো অপারেটরের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতাভোগীদের কাছে পৌঁছে দেয়া হবে। পরিবেশ অধিদপ্তর সভাকে জানায়, জনবসতিপূর্ণ এলাকায় অবৈধ পোল্ট্রি ফার্ম, নদী-খাল দখল ও দূষণ এবং শিল্পপ্রতিষ্ঠানের ইটিপি কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, রাজশাহীতে ২২ তলা পর্যন্ত পৌঁছাতে সক্ষম টার্ন টেবল ল্যাডার রয়েছে। যা বাংলাদেশে মাত্র পাঁচটি জেলায় রয়েছে। ফায়ার সার্ভিসের সেবা পেতে ৯৯৯ অথবা ১০২ নম্বরে যোগাযোগ করা যাবে।

আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুতের অগ্রগতি তুলে ধরা হয়। ভোটার তালিকার ওপর দাবি আপত্তির নিষ্পত্তির পর ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সভাপতি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র দ্রুত সংস্কারের বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোন ধরনের প্রতিবন্ধকতা থাকলে সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে দ্রুত তা সমাধান করতে হবে। জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন করার পাশাপাশি সরকারি সেবার মান আরও উন্নত করতে হবে। তিনি কৃষি, খাদ্য, বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক নিরাপত্তাসহ প্রতিটি ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশ দেন।