ঢাকা | অগাস্ট ১৮, ২০২৬ - ১০:৫৭ অপরাহ্ন

জাপানে রাজশাহীর দক্ষ জনশক্তির কর্মসংস্থান ও বিনিয়োগের সম্ভাবনা

  • আপডেট: Tuesday, August 18, 2026 - 10:46 pm

স্টাফ রিপোর্টার: জাপানে রাজশাহীর দক্ষ জনশক্তির কর্মসংস্থান সৃষ্টি এবং নগরীতে জাপানি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে এক উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে জাপানের এক প্রতিনিধি দলের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহীর সুস্বাদু আম প্রক্রিয়াজাতকরণ, কৃষি পণ্যের আধুনিক হিমাগার নির্মাণ, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এবং তথ্যপ্রযুক্তি খাতে জাপানি সহযোগিতা ও ভারী বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এছাড়া স্থানীয় তরুণদের ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মতবিনিময়কালে উভয় পক্ষ জাপানের বিভিন্ন বিকাশমান খাতে রাজশাহীর দক্ষ জনশক্তিকে কাজে লাগানোর ওপর বিশেষ জোর দেন। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও প্রযুক্তির আদান-প্রদান বাড়াতে রাজশাহীর সঙ্গে জাপানের একটি শহরের ‘সিস্টার সিটি’ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে যৌথ আলোচনা হয়।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এবং বিদ্যমান আইন-কানুন মেনে জাপানের সঙ্গে যৌথভাবে কাজ করতে রাজশাহী সিটি করপোরেশন সম্পূর্ণ প্রস্তুত ও আগ্রহী। জাপানি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জাপান গ্রুপের সিইও কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগে মোরি, ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হ্যান্ডসন ল্যান্ডের সিইও সেইজি ইশিমোতো এবং ওকায়ামা বিজনেস কলেজের আন্তর্জাতিক বিভাগে. জিয়াউল করিম।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও আহমদ আল মঈন এবং বাজেট ও হিসাব রক্ষণ কর্মকর্তাসহ রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজশাহীতে ২২টি খেলার মাঠ নির্মাণের উদ্যোগ:

এদিকে, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং ক্রীড়াঙ্গনকে সচল করতে নগরীতে ২২টি খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনে ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে মহানগর ফুটবল দলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি জানান, ইতিমধ্যে একটি ইনডোর স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে নানা পদক্ষেপ নিয়েছে এবং সফল খেলোয়াড়দের স্পোর্টস অ্যালাউন্স প্রদান ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছে। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাসিক সচিব সোহেল রানা, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার ও মুক্তার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের সাক্ষাৎ:

এদিকে, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার তরেন জোসেফ পালমা, সিএসসি গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম বিষয়ে প্রশাসককে অবহিত করেন। সাক্ষাৎকালে ফাদার লিটন কস্তা ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জিআইজেড প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা:

রাজশাহীর টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বনায়ন এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিয়ে জিআইজেড-এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন রাসিক প্রশাসক। গতকাল মঙ্গলবার নগর ভবনে আয়োজিত এ সভায় জিআইজেড-এর সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার এবং ‘খওঈঅ’ প্রজেক্টের হেড কাথারিনা মানেকের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। রাসিক প্রশাসক বলেন, রাজশাহীকে একটি পরিবেশবান্ধব, সবুজ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কারিগরি সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় জিআইজেড ও রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়াটার এটিএম বুথ স্থাপনের পরিকল্পনা:

নগরবাসীর জন্য সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে নিরাপদ বিশুদ্ধ পানি নিশ্চিত করতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওয়াটার এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনে ড্রিংকওয়েল (উৎরহশবিষষ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরীর সঙ্গে এক মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এ কথা জানান। সভায় বুথ স্থাপন, পরিচালনা ও সম্ভাব্য স্থান নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।