ঢাকা | অগাস্ট ১৭, ২০২৬ - ১০:৫২ অপরাহ্ন

নগরীতে তাপপ্রবাহ মোকাবিলায় উদ্যোগ গ্রহণের আশ্বাস রাসিক প্রশাসকের

  • আপডেট: Monday, August 17, 2026 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ মোকাবিলা ও নগরবাসীর সুরক্ষায় প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন। একই সাথে জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাকে রাসিকের সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

সোমবার সকালে নগরীর একটি হোটেলের মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। জাতীয় পর্যায়ে প্রণীত ‘আর্লি অ্যাকশন প্রোটোকল’ -এর খসড়া পরীক্ষণ থেকে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ‘লেসন লার্নড ওয়ার্কশপ ফ্রম টেস্টিং দ্য ড্রাফট ন্যাশনাল আর্লি অ্যাকশন প্রোটোকল’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় রাসিক প্রশাসক বলেন, রাজশাহীকে আরও বাসযোগ্য ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে নগর সবুজায়ন ও বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হবে। এছাড়া নগরীর খেলাধুলার মাঠ উন্নয়ন এবং মুক্তমঞ্চের সামনে জ্যেষ্ঠ নাগরিকদের জন্য একটি ‘সিনিয়র সিটিজেন পার্ক’ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সেক্রেটারি ডা. শামীম হোসেন চৌধুরী তীব্র তাপদাহের সময়ে নগরবাসীকে স্বস্তি দিতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী কুলিং সেন্টার স্থাপনের অনুরোধ জানান। উল্লেখ্য, সম্প্রতি নগরীর রেলগেট ও লক্ষ্মীপুর মোড়ে দুটি কুলিং সেন্টার স্থাপন করে বিনামূল্যে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ এবং অসুস্থদের রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা সেবা প্রদান করা হয়। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু। তিনি রাসিক প্রশাসকের বিভিন্ন মানবিক উদ্যোগের প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

যুব স্বেচ্ছাসেবকদের অ্যাডভান্স ফার্স্ট এইড প্রশিক্ষণ উদ্বোধন:

এদিকে একইদিনে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)-এর সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ এবং প্রশিক্ষণ বিভাগের আয়োজনে চার দিনব্যাপী (১৭-২০ আগস্ট ২০২৬) ‘অ্যাডভান্স ফার্স্ট এইড’ প্রশিক্ষণের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রাজশাহী বিভাগের ৯টি জেলার ৩০ জন যুব স্বেচ্ছাসেবক এতে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারি তৌহিদ হাসান, আইসিআরসির ফার্স্ট এইড প্রোগ্রাম ম্যানেজার ডা. জালিসা খানম, হেলথ ফিল্ড অফিসার ফারহানা আক্তার ডলি, জাতীয় সদর দপ্তরের প্রোগ্রাম অফিসার দিদারুল আলম (রাফি), প্রশিক্ষণ বিভাগের উপ-সহকারী পরিচালক এস এম জাহিদুর রহমান এবং ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান।

নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা:

সিরাক বাংলাদেশ-এর উদ্যোগে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে বিষয়ক এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাসিকের নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন যুবদের সম্পৃক্ত করে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, নতুন প্রকল্প গ্রহণ, খেলার মাঠ নির্মাণ এবং প্রবীণদের জন্য ‘সিনিয়র সিটিজেন পার্ক’ স্থাপনের অঙ্গীকার ব্যক্ত করেন। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা  রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব সোহেল রানা, সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত, উপ-পরিচালক মো. সেলিম মিয়া, রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসান এবং প্রজেক্ট ম্যানেজার লুৎফা পাঠান বক্তব্য রাখেন।

মেধাবী শিক্ষার্থী ফাহিম আলীর পাশে রাসিক প্রশাসক:

অদম্য মেধাবী শিক্ষার্থী ফাহিম আলীর কলেজে ভর্তিসহ পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য তার পাশে দাঁড়িয়েছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। গতকাল সোমবার নগর ভবনে ফাহিমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। ১৭নং ওয়ার্ডের বড়বনগ্রাম চকপাড়া এলাকার রিকশাচালক পিন্টুর ছেলে ফাহিম ইউসেফ ছোটবনগ্রাম সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল হতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে। দারিদ্র্যের কারণে থাই গ্লাসের দোকানে শ্রমিকের কাজ করে পড়ালেখা চালানো ফাহিমকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে রাসিক প্রশাসক তাকে ডেকে নিয়ে এই সহায়তা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা প্রদান করেন।

নগর ভবনে বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন:

নগর ভবনে সেবাগ্রহীতা এবং কর্মকর্তা-কর্মচারীদের সুপেয় পানি নিশ্চিত করতে প্রযুক্তির বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করেছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। গতকাল সোমবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই সেবা চালু করেন। নগর ভবনের ১ম থেকে ১০ম তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরে এই ফিল্টার স্থাপন করা হয়েছে। উদ্বোধনকালে প্রশাসক বলেন, সেবা নিতে আসা নাগরিকদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা রাসিকের দায়িত্ব। অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ উপস্থিত ছিলেন।

রাসিকে ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা:

রাজশাহী সিটি কর্পোরেশনে প্রথমবারের মতো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরি করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগর ভবনে ১৮ জন রুয়েট শিক্ষার্থীর অংশগ্রহণে একটি অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশের অভিজ্ঞতা তরুণদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে। এ সময় তিনি রাসিককে একটি আধুনিক, সবুজ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও আহমদ আল মঈন পরাগ, সচিব সোহেল রানা এবং শিক্ষানবিশ শিক্ষার্থী আরাফ মাসুদ ও জান্নাতুন ফেরদৌস বক্তব্য রাখেন।