ঢাকা | অগাস্ট ১৭, ২০২৬ - ১০:৫২ অপরাহ্ন

রাজশাহী ট্রাক টার্মিনালে চালক হেলপারদের ফ্রি চক্ষু শিবির

  • আপডেট: Monday, August 17, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ট্রাক টার্মিনাল প্রাঙ্গণে চালক ও হেলপারদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ভিশনস্প্রিং-এর সহযোগিতায় এ চক্ষু শিবিরের আয়োজন করে রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন।

সোমবার সকাল ১০টায় শুরু হওয়া এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মধু। উদ্বোধনী বক্তব্যে মিজানুর রহমান মধু বলেন, চালক ও হেলপাররা প্রতিদিন দীর্ঘ সময় রাস্তায় দায়িত্ব পালন করেন। তাদের চোখের সুস্থতা শুধু ব্যক্তিগত বিষয় নয়, সড়ক নিরাপত্তার সঙ্গেও সরাসরি জড়িত। তাই শ্রমিকদের স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্ব দিয়ে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, অর্থের অভাবে অনেক শ্রমিক নিয়মিত চোখ পরীক্ষা করাতে পারেন না। বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেয়ার এই উদ্যোগ শ্রমিকদের জন্য অত্যন্ত উপকারী হবে। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে। চক্ষু শিবিরে ভিশনস্প্রিং-এর চক্ষু বিশেষজ্ঞ মিনহাজুল করিম সাদি, রিসাদ হোসেন ও  সুজন চিকিৎসাসেবা ও চক্ষু পরীক্ষা করেন। এ সময় ভিশনস্প্রিং-এর  রাকিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শিবিরে ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক চালক ও হেলপার উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে শ্রমিকদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং চক্ষুস্বাস্থ্য সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেয়া হয়। আয়োজকরা জানান, সড়কে নিরাপদভাবে যানবাহন চালানোর ক্ষেত্রে চালকদের দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নেয়া হবে।