ঢাকা | অগাস্ট ১৭, ২০২৬ - ১১:০৫ অপরাহ্ন

নগরীতে জটলা তারে অগ্নিকাণ্ড, বন্ধ ৫ খুঁটির বিদ্যুৎ সংযোগ

  • আপডেট: Monday, August 17, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর মোন্নাফের মোড় এলাকায় বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা ডিশ ও ইন্টারনেটের তারের জটলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকালে এ ঘটনার পর অন্তত পাঁচটি খুঁটির (পোল) আওতাধীন এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) কর্মীরা রাত ৮টার দিকে জানান, সংযোগ পুনঃস্থাপনে কাজ চলমান রয়েছে। কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা ইন্টারনেট ও ডিশের তারে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে এক খুঁটি থেকে অন্য খুঁটির তারে আগুন ছড়িয়ে পড়ে এবং পর পর ৫-৬টি পোলের তার পুড়ে খণ্ড-খণ্ড হয়ে মাটিতে পড়তে থাকে। এ সময় রাজশাহী নগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মোন্নাফের মোড়ের ব্যবসায়ী ইদ্রীস আলী জানান, সকালে দোকান খোলার সময় তিনি তারে আগুন জ্বলতে দেখেন। এর আগেও কয়েকবার এসব তারে স্পার্ক (ফায়ারিং) হতে দেখা গিয়েছিল। বিদ্যুতের খুঁটিগুলোতে ডিশ ও ইন্টারনেটের তারের অতিরিক্ত জটলা থাকার কারণেই আগুন দ্রুত এক পোল থেকে অন্য পোলে ছড়িয়ে পড়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নগরজুড়েই বিদ্যুতের খুঁটিতে তারের এমন বিপজ্জনক জটলা রয়েছে বলে জানান স্থানীয়রা।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নেসকোর নির্বাহী প্রকৌশলী সুব্রত দাস জানান, মোন্নাফের মোড়ে বিদ্যুতের তারে অগ্নিকাণ্ডের পর থেকে সংযোগ মেরামতের কাজ জোরেশোরে চলছে।

এদিকে বিদ্যুতের পোলগুলো থেকে বিপজ্জনক তারের জটলা দ্রুত অপসারণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।