রাজশাহীতে উদ্যোক্তাদের নিয়ে ‘এন্টারপ্রেনার ফেস্ট ২০২৬’
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে উদ্যোক্তা, ব্যবসায়ী ও পরিবর্তনকামী ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এন্টারপ্রেনার ফেস্ট ২০২৬’। এ আয়োজনের অংশ হিসেবে উদ্যোক্তাদের নিয়ে বিশেষ ‘টি পার্টি’র আয়োজন করা হয়।
সোমবার বিকেল ৫টায় নগরীর একটি হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‘ব্র্যান্ড প্রমোট অব রাজশাহী’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য শিমু হাসান, নাবিলা নওরিন, ফৌজিয়া অন্তর জিসা, নাফিজা জামান প্রিয়াংকা ও ইসরাত জাহান হিয়া উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক তৌহিদ এবং প্রাইম ব্যাংকের ম্যানেজার সাইদ ইমামসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন।
আয়োজকরা জানান, সমমনা উদ্যোক্তা ও পরিবর্তনের কারিগরদের একত্রিত করে পারস্পরিক যোগাযোগ বাড়ানো, অভিজ্ঞতা ও নতুন ধারণা বিনিময় এবং উদ্যোক্তাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ‘টি পার্টি’তে অংশগ্রহণকারী উদ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি অন্য উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও যোগাযোগের সুযোগ পান।
এর মাধ্যমে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, নতুন উদ্যোগ এবং ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন আয়োজকরা। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন রাজশাহীর উদ্যোক্তা সম্প্রদায়ের মধ্যে নেটওয়ার্কিং আরও শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন ব্যবসায়িক উদ্যোগ ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করবে।











