ঢাকা | অগাস্ট ১৬, ২০২৬ - ১২:৩৮ পূর্বাহ্ন

মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

  • আপডেট: Saturday, August 15, 2026 - 10:47 pm

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে পুকুরে বিষ প্রয়োগ করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ করা হয়েছে। গত শুক্রবার  দিবাগত রাতে এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।

উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের তাছের উদ্দিনের ছেলে সামসুল হক অভিযোগ করেন যে, জয়পুর স্কুলপাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে কামরুল হোসেনের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। সামসুলের খনন করা পুকুরের একপাশে কামরুল দখলের পাঁয়তারা করছিল।

এ বিষয়ে নওগাঁর মহাদেবপুর সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। ওই মামলায় বিবাদীর প্রতি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি আছে। কিন্তু কামরুল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সামসুলের পুকুরের ক্ষতি সাধন ও দখলের হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে গত ১১ আগস্ট দুপুরে কামরুল ওই পুকুরে বিষ প্রয়োগ করে। ফলে পরদিন থেকে পুকুরের সব ধরনের মাছ মরে ভেসে উঠতে থাকে।

জানতে চাইলে কামরুল বলেন, পুকুরের পাশে তার বাড়ির চারপাশের জঙ্গল পরিষ্কার করার জন্য তিনি বিন্যামারা বিষ প্রয়োগ করেছেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, সাধারণ ডাইরিটি জিআর মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে।