চাঁপাইয়ে আ’লীগ নেতা আব্দুল কাদেরসহ ৪ জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলার আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে উপজেলার কসবা ইউনিয়নের বাইলকাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আর সদর মডেল থানা পুলিশ শহরের মসজিদপাড়া থেকে ছাত্রলীগ নেতা আবু জার গিফারীকে গ্রেফতার করে। নাচোল থানার ওসি সুকমল চন্দ্র দেবনাথ এবং সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে আগের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর একটি চাঁদাবাজির মামলায় আদালতে আত্মসমর্পন করেন আব্দুল কাদের। ওইদিন আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে ছিলেন আব্দুল কাদের।











