ঢাকা | অগাস্ট ১৬, ২০২৬ - ১:৪১ পূর্বাহ্ন

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে নানা কর্মসূচি

  • আপডেট: Saturday, August 15, 2026 - 10:52 pm

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে মিলাদ-দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার বিকেল পাঁচটায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সোনাদিঘি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, জয়নাল আবেদীন শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ রাজশাহী মহানগর বিএনপি এবং এর অন্তর্গত সকল থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

এদিকে, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গতকাল দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সপুরা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। কর্মসূচির শুরুতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শাহীন ইকবাল ও ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার। এছাড়াও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, শাহমখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবার আলী জ্যাকি এবং সাবেক যুব নেতা রবিন-উল-হাসান জাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে রাজশাহীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করে রাজশাহী ইজিবাইক মালিক ও শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড। উক্ত চিকিৎসা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। আয়োজকরা জানান, সাধারণ ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি শিবিরে আগত রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ, চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পবা: বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পবার ঝুজকাইতে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বাদ আসর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বেগম জিয়া ছিলেন বিশ্বনেত্রী। তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি। তিনি শত বিপদেও দেশ ছেড়ে পালাননি। বেগম জিয়াকে গণতন্ত্রের মানষকন্যা আখ্যায়িত করে তিনি আরো বলেন, বেগম জিয়া একাই গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। দোয়া মাহফিলে পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হান্নান, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও আবুল কাশেম মেম্বর, জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেব জাদা ও  আব্দুল আউয়াল, পবা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদ্দাম হোসেন ও ছাত্রনেতা সুমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শিবগঞ্জ: শিবগঞ্জ প্রতিনিধি জানান, খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচনা সভা-দোয়া মাহফিল, কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাগানটুলি এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম ও পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল।

শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের মিজুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম, মাইনুল ইসলাম মুকুল, সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান সুমনসহ অন্যরা। শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এর আগে দুপুরে পৌর এলাকার দৌলতপুর উপরটলা নূরানী হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।