প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহী স্টার্স এফসি
স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো এশিয়ার ক্লাব ফুটবলের বড় মঞ্চ ‘এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ’-এ প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বাংলাদেশের ক্লাব রাজশাহী স্টার্স এফসি। টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যেই দেশের মাটিতে অফিশিয়ালি অনুশীলন শুরু করেছে দলটি। আন্তর্জাতিক এ আসরে ভালো খেলার আশাবাদ ব্যক্ত করেছেন খেলোয়াড় ও কোচ।
জাতীয় নারী দলের ক্যাম্প থেকে আসা খেলোয়াড়দের শারীরিক ফিটনেস ভালো থাকায় এখন টেকনিক্যাল দিকগুলোতে বেশি জোর দেয়া হচ্ছে বলে জানান দলের ডিফেন্ডার শিউলি আজিম। তিনি বলেন, অফিশিয়ালি অনুশীলন শুরু করেছি। আমাদের লক্ষ্য থাকবে রাজশাহী স্টার্সকে ভালো খেলা ও জয় উপহার দেয়া। কোচের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা নিজেদের প্রস্তুত করছি।
দলকে শক্তিশালী করতে সেনাবাহিনী, ফরাসগঞ্জ ও পুলিশ এফসির মতো গুরুত্বপূর্ণ ক্লাবের সেরা খেলোয়াড়দের নিয়ে স্কোয়াড গঠন করা হয়েছে। হেড কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, এএফসি ক্লাব কাপে অংশ নেয়া পুরো বাংলাদেশের জন্যই গর্বের বিষয়। আমাদের গ্রুপটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রতিটি দলই সম্মান পাওয়ার যোগ্য।
তবে আমাদের দলও বেশ শক্তিশালী। কেবল অংশ নেয়া নয়, আমরা প্রতিটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে চাই। কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানা থাকলেও ভয় না পেয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলে এশিয়ার মঞ্চে সফল হতে চায় রাজশাহী স্টার্স।











