ঢাকা | অগাস্ট ৮, ২০২৬ - ১১:৩২ অপরাহ্ন

বাগমারায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, থানায় লিখিত অভিযোগ

  • আপডেট: Saturday, August 8, 2026 - 10:17 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের করখন্ড গ্রামে লিজ নেয়া একটি পুকুরে বিষ ঢেলে দিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার চাষকরা পোনা মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম শনিবার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, করখন্ড (খাজুর) গ্রামের মৃত গয়ের আলীর ছেলে রফিকুল ইসলাম গোবিন্দপাড়া হাটখোলা বাজার সংলগ্ন ব্রীজের পাশে ৩ বিঘা আয়তনের একটি পুকুর লিজ নিয়ে মাছের পোনা চাষ করে আসছেন। গত শুক্রবার গভীর রাতে কে বা কারা ওই পুকুরের পানিতে শত্রুতা করে বিষ ঢেলে দেয়।

এতে ওই পুকুরের রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপ, জাপানী রুই, কালবাউস ও গ্রাসকাপসহ বিভিন্ন প্রজাতীর চাষকরা সব পোনা মাছ মরে পানিতে ভেঁসে উঠে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ভুক্তভোগী রফিকুল ইসলাম অভিযোগে দাবি করেছেন।

এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম বলেন, এটি একটি অমানবিক ঘটনা। এ বিষয়ে অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনার মূল হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।