ঢাকা | অগাস্ট ৮, ২০২৬ - ১১:৩০ অপরাহ্ন

তানোরে কমিউনিটি পুলিশিং সভা

  • আপডেট: Saturday, August 8, 2026 - 10:16 pm

তানোর প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ বলেছেন, অপরাধ দমনে সকলকে এগিয়ে আসতে হবে এবং একজন অপরাধীকে রাজনৈতিক দলের নেতা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। অপরাধীকে একজন অপরাধী হিসেবেই বিবেচনা করে শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশ এখন জনগনের শত্রু না হয়ে বন্ধু হয়ে কাজ করবে।

পুলিশের দায়িত্ব জনগণের জান মালের নিরাপত্তা দেয়া। গতকাল শনিবার তানোর থানা চত্বরে তানোর থানা পুলিশের আয়োজনে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছানের সভাপতিত্বে ও তানোর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পরভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা আব্দুস সালাম, তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম, তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক খান প্রমুখ।

সভায় উন্মুক্ত আলোচনায় জনতার আবেদনের প্রেক্ষিতে তানোর থানা মোড়ে ট্রাফিক পুলিশ এবং কামারগাঁয় পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন তিনি। একই সাথে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্র পাঁচন্দর ইউনিয়ন পুরাতন পরিষদে স্থানান্তরেরও আশ্বাস দেন তিনি। পরে প্রধান অতিথি থানা চত্বরে ফলদ গাছের তারা রোপণ করেন।