ঢাকা | অগাস্ট ৮, ২০২৬ - ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে চোর সন্দেহে নির্যাতনের জের, দোকান মালিককে ছুরিকাঘাত, মামলা

  • আপডেট: Friday, August 7, 2026 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী শহরের গৌরহাঙ্গা এলাকায় চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে।

এ সময় বাধা দিতে গিয়ে দোকান মালিককে ছুরিকাঘাতের অভিযোগে দুই তরুণকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসঁফং স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মাসুদ রানা চুরির অভিযোগে তন্ময় তেওয়ারী ও মিজান নামের দুই তরুণকে গাছের সাথে বেঁধে নির্যাতন চালান।

খবর পেয়ে আল-আমিন ওরফে রিমন ও শুভ নামের দুই তরুণ বাধা দিলে বাকবিতণ্ডার একপর্যায়ে রিমন তার কাছে থাকা চাকু দিয়ে মাসুদের পিঠে আঘাত করেন। পরে আহত মাসুদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ রিমন ও তন্ময়কে আটক করলেও অন্য দুজন পালিয়ে যান। এ ঘটনায় আহত মাসুদের স্ত্রী শ্যামলী খাতুন বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেছেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মোস্তারি গণমাধ্যমকে জানান, ছুরিকাঘাতের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।