ঢাকা | অগাস্ট ৮, ২০২৬ - ১:২০ পূর্বাহ্ন

শিরোনাম

স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা, গুজব না ছড়াতে আরএমপির আহ্বান

  • আপডেট: Friday, August 7, 2026 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরের মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনের ওপর থেকে পড়ে ফারিনা আজিবা ঝিলিক (১৩) নামের এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন সকালে হঠাৎ অসুস্থতাবশত ভবনের ওপর থেকে পড়ে গুরুতর আহত হয় ঝিলিক। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে আরএমপির বিশেষ শাখায় কর্মরত এক পুলিশ সদস্যের সন্তান এবং দীর্ঘদিন ধরে ‘টিউবারকুলার মেনিনজাইটিস’ রোগে ভুগছিল।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সিসিটিভি ফুটেজ ও প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি এবং পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই।

এদিকে আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।