ঢাকা | অগাস্ট ৭, ২০২৬ - ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম

এইচএসসি পরীক্ষার্থী ছেলেকে ছাড়াতে ইমামের ১৫ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

  • আপডেট: Friday, August 7, 2026 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে এক মসজিদের ইমামের কাছ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাত প্রতারকের বিরুদ্ধে। গত ৬ আগস্ট দুপুর ১২টা৫৫ মিনিটে নগরীর বখশিওয়া খানকা শরীফ মসজিদে অবস্থানকালে এই প্রতারণার শিকার হন ভুক্তভোগী হাফেজ মাওলানা আব্দুল মোমিন (৪৭)। ঘটনাটি উল্লেখ করে তিনি শাহমখদুম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আব্দুল মোমিন বখশিওয়া খানকা শরীফ মসজিদের ইমাম। ঘটনার দিন দুপুরে ডিবি পরিচয়ধারী অজ্ঞাত এক ব্যক্তি ০১৮২৭-৮০৯৮৯৭ নম্বর থেকে ইমামের ০১৭১৮-৬২৯১২২ নম্বরে কল দেন। ফোনে তাকে জানানো হয়, তার ছেলে সাইদ হাসান নূর (এইচএসসি পরীক্ষার্থী) ও তার দুই বন্ধু একটি অপরাধের (ক্রাইম) সাথে জড়িয়ে পড়েছে। প্রতারক ব্যক্তি ইমামকে সহানুভূতি দেখানোর ছলে বলে যে, তার ছেলে সহজ-সরল হওয়ায় ছাড় পেতে পারে, তবে তার জন্য ২০ হাজার টাকা বিকাশ বা নগদ অ্যাকাউন্টে পাঠাতে হবে। প্রতারক তাকে আরও ভয় দেখায় যে, দ্রুত টাকা না পাঠালে সাংবাদিকরা চলে আসবে এবং তখন তাকে বাঁচানো সম্ভব হবে না।

প্রতারকের কথায় আতঙ্কিত ও বিভ্রান্ত হয়ে ইমাম আব্দুল মোমিন তার নগদ অ্যাকাউন্ট (০১৭৪৮-৯৯৪৭৪৮) থেকে প্রতারকের দেয়া ০১৪৫৩-৮২৬৬৪০ নম্বরে সর্বমোট ১৫ হাজার টাকা পাঠান। পরবর্তীতে ছেলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন যে, ছেলে নিরাপদে কলেজেই ছিল এবং কোন অপরাধ বা পুলিশি ঝামেলার সাথে যুক্ত নয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী ইমাম মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিরাপত্তা ও আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ জমা দেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছেন, সবাইকে এধরনের প্রতরাণার বিষয়ে সর্তক থাকতে হবে। প্রতারক চক্রের সদস্যরা সাধারণত নানা ধরনের হুমকি ধামকি দিয়ে সহজ সরল মানুষের কাছ নগদ অর্থ হাতিয়ে নিচ্ছেন। তিনি বলেন, অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ প্রতারকদের সনাক্তে কাজ করেছে।