ঢাকা | অগাস্ট ৮, ২০২৬ - ১:২০ পূর্বাহ্ন

শিরোনাম

মহাদেবপুরে সার মনিটরিং সভায় জৈব সারের ব্যবহার বৃদ্ধির তাগিদ

  • আপডেট: Friday, August 7, 2026 - 10:05 pm

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি অফিসারের কার্যালয় এর আয়োজন করে। উপজেলার নিবন্ধিত সার ও বীজ ডিলার, ইউপি চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষক, সাংবাদিক প্রমুখ সভায় অংশ নেন। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ফজলে হুদা বাবুল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউএনও মানজুরা মুশাররফ এতে সভাপতিত্ব করেন।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সার ও বীজ সরবরাহ সংক্রান্ত নানান সমস্যা তুলে ধরেন। এসময় এমপি ফজলে হুদা বাবুল অতিরিক্ত ও অপরিকল্পিত ভাবে রাসায়নিক সারের ব্যবহারের ফলে মানুষ, প্রাণী, মাছ ও অন্যান্য জলজ প্রাণীর শরীরে নানান প্রতিক্রিয়ার বিষয় উল্লেখ করে আগের আমলের মত জৈব সার, কেঁচো সার প্রভৃতি প্রাকৃতিক সারের ব্যবহার বাড়ানোর তাগিদ দেন। তিনি এলাকার বাড়িতে বাড়িতে আগের মত গরুর গোবর ফেলার জায়গা তৈরি করে জৈব সার উৎপাদন, গরুর খামার প্রতিষ্ঠা, কেঁচো সারের কারখানা তৈরির কথা বলেন।

আগামীতে এলাকায় প্রয়োজনমত রাসায়নিক সার সরবরাহেরও আশ্বাস দেন তিনি। কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ স্থানীয় পর্যায়ে সার বিক্রি ও দাম সংক্রান্ত নানান সমস্যা সমাধানের কথা বলেন। তিনি বলেন, গ্রামাঞ্চলে কৃষকরা মওসুমের শুরুতে সার, কীটনাশক ও ডিজেল বাঁকিতে কেনেন। তিন মাস পর ধান উঠার পর সে বাঁকি শোধ করেন। কিন্তু ডিলারদের প্রতিমাসে নগদ টাকায় মালামাল উঠাতে হয়।

ইউএনও মানজুরা মুশাররফ ডিলারদের অত্যন্ত সতর্কতার সাথে আইন মেনে সার বিক্রির পরামর্শ দেন। কখনো অভিযোগ পেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা কথা বলেন তিনি।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন, এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, সার ডিলার খৈতান ট্রেডার্সের সত্ত্বাধিকারী অমল কুমার খৈতান, হাজী ট্রেডিং কর্পোরেশনের সত্ত্বাধিকারী ডিএম আবু সাঈদ, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, সাংবাদিক একে সাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল হান্নান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, কৃষক দল নেতা জহুরুল ইসলাম, আকতার হোসেন পলাশ প্রমুখ।