ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম

শীর্ষ নেতৃত্বকে নিয়ে কুৎসার রাজনীতির প্রতিবাদে গোদাগাড়ীতে বিক্ষোভ

  • আপডেট: Monday, August 3, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: দেশের শীর্ষ নেতৃত্বকে নিয়ে সাম্প্রতিক ‘কুরুচিপূর্ণ ও অশালীন’ মন্তব্যের প্রতিবাদে এবং রাজনৈতিক শালীনতা বজায় রাখার দাবিতে রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে স্থানীয় অলিউল্লাহ রনি নামের এক সম্ভাব্য মেয়র প্রার্থীর নেতৃত্বে সর্বস্তরের পৌরবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে আগামী পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী অলিউল্লাহ রনি কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, “আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এখানে একত্রিত হয়েছি। শীর্ষ নেতৃত্বকে নিয়ে যে রাজনৈতিক অপপ্রচার ও নোংরা বক্তব্য দেওয়া হয়েছে, তা গোদাগাড়ীর সচেতন জনগণ কখনো মেনে নেবে না।”

অরাজনৈতিক ও শালীন রাজনীতির তাগিদ দিয়ে তিনি আরও বলেন, “যারা রাজনীতিতে সম্মান প্রদর্শন করতে জানে না এবং কুরুচিপূর্ণ আচরণ করে, তারা নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বই প্রকাশ করে। হিংসা বা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের শক্তি হচ্ছে সামাজিক ঐক্য ও ন্যায়বোধ। গোদাগাড়ীর মাটিতে অপপ্রচারের স্থান হবে না।”

রাজনীতিতে কাজের পরিবেশ তৈরি ও গোদাগাড়ীর সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে এই রাজনৈতিক নেতা বলেন, “আমরা যেকোনো অপমানের জবাব মর্যাদাপূর্ণ আচরণের মাধ্যমে দেব এবং কুৎসার জবাব দেব কাজের মাধ্যমে। গোদাগাড়ীকে পারস্পরিক সম্মান, আত্মমর্যাদা ও সাহসের প্রতীক হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ পৌরবাসী উপস্থিত ছিলেন। উপস্থিত অনেকেই করতালির মাধ্যমে বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার প্রতি জোর দেন।