ঢাকা | অগাস্ট ২, ২০২৬ - ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

জুলাই শহীদদের স্মরণে রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা ভূমিমন্ত্রীর

  • আপডেট: Saturday, August 1, 2026 - 10:27 pm

স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগী শহীদদের স্মৃতি সংরক্ষণে রাজশাহীতে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হবে।

শনিবার দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে ‘গণ-অভ্যুত্থান-২৪ ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘রাজশাহী গণ-অভ্যুত্থান-২৪ পরিষদ’।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ও শহীদ ড. শামসুজ্জোহার স্মৃতির মতোই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। এই স্মৃতিস্তম্ভ নতুন প্রজন্মকে গণ-অভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে।

শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং রাজশাহীর শহীদ শাকিব আঞ্জুম, আলী রায়হান ও মিনারুল ইসলামসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, ১৯৬৯ সালে শহীদ ড. শামসুজ্জোহা যেমন ছাত্রদের জীবন রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানেও অসংখ্য তরুণ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না।

আহতদের চিকিৎসার বিষয়ে তিনি জানান, চীন সরকারের সহযোগিতায় একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। পাশাপাশি যাদের বিদেশে চিকিৎসার প্রয়োজন হবে, তাদের সিঙ্গাপুর, থাইল্যান্ড অথবা মালয়েশিয়ায় পাঠানোর ব্যবসাও নেওয়া হচ্ছে। শহীদ পরিবারের কল্যাণে সরকারের নেওয়া পরিকল্পনা তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, প্রতিটি শহীদ পরিবারের দীর্ঘমেয়াদি সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসংস্থানের অপেক্ষায় থাকা শহীদ পরিবারের সদস্যদের সরকারি চাকরির পরীক্ষায় বিশেষ অগ্রাধিকার দেয়ার বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশ গঠনের তাগিদ দিয়ে তিনি বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি নয়; বরং দেশপ্রেম, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতেই এগিয়ে যেতে হবে। তবেই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করা সম্ভব হবে।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ। রাজশাহী গণ-অভ্যুত্থান-২৪ পরিষদের সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কাশেম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, ড্যাবের সভাপতি ডা. ওয়াসীম হোসেন, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাফিজ, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্যসচিব মাহাফুজুল হাসনাইন এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে ভূমিমন্ত্রী জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান।