রাজশাহী-বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
সোনালী ডেস্ক: রাজশাহী ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে। মোহনপুরে ট্রাকচাপায় দুই ভাইসহ তিনজন পুঠিয়ায় ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দই ব্যবসায়ী এবং বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে।
মোহনপুর প্রতিনিধি জানান, মোহনপুর উপজেলায় বালুবাহী ট্রাকের নিচে মোটরসাইকেল চাপা পড়ে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনাটি শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঘটে।
নিহতরা হলেন মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার সাঁকোয়া মহল্লার রফিজ উদ্দিনের ছেলে কাইযুম ইসলাম রাতুল (১৮), তাঁর বড় ভাই স্বাধীন (২২) এবং সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. লিমন (২২)। জানা যায়, মোটরসাইকেলে চালকসহ তিনজন আরোহী ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি বালুবাহী ট্রাকের নিচে চলে গেলে ঘটনাস্থলেই রাতুল ও লিমনের মৃত্যু হয়। গুরুতর আহত স্বাধীনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্বজনরা জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে হাসপাতাল থেকে দুই ভাইয়ের মরদেহ বাড়িতে নেওয়া হয়। পরে একসঙ্গে জানাজা শেষে তাঁদের দাফন করা হয়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত রাতুলের বাবা বাদী হয়ে মামলা করেছেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পুঠিয়া প্রতিনিধি জানান, পুঠিয়ায় ড্রাম ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক দই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর-চারঘাট সড়কের আমহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মানিক চাঁদ (৬০)। তিনি চারঘাট উপজেলার হলিদাগাছী গ্রামের মৃত শুকচাঁদের ছেলে। আহত মো. শিবলু (২৮) একই গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ট্রাকটি উদ্ধার করে। ট্রাকটির কোনো নম্বর প্লেট পাওয়া যায়নি। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও মাছবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কাজীপাড়া বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি ময়মনসিংহের বাসিন্দা লুৎফর বাড়ী।
কাহালু থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে মাছ বিক্রি শেষে একটি পিকআপ ময়মনসিংহের দিকে ফিরছিল। কাজীপাড়া এলাকায় একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বগুড়া থেকে নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপের চালক, তার সহকারী (হেলপার) এবং পিকআপে থাকা দুই মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।
খবর পেয়ে কাহালু থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্যদের পরিচয় শনাক্তের কাজ চলছে।











