ঢাকা | অগাস্ট ১, ২০২৬ - ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জমিদাতা ডা. আব্দুল খালেক’র মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট: Saturday, August 1, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জমিদাতা ডা. মো. আব্দুল খালেক’র ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় ফাউন্ডেশনের সভা কক্ষে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা মরহুম ডা. আব্দুল খালেক’র জীবন, কর্ম ও চিকিৎসা সেবায় অবদান তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠায় তাঁর মহতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। স্মরণ সভা ও দোয়া মাহফিলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক খন্দকার মিজানুর রহমান, সহ-সভাপতি হাসনীন খালেক, পরিচালক অর্থ ও প্রশাসন প্রফেসর হবিবুর রহমান, ডাইরেক্টর ও চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. রইছ উদ্দিন, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম স্বপন, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন (মঞ্জু), সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, নির্বাহী সদস্য সেলিম রেজা খান ও এনামুল হক আজীবন সদস্য আখতার হোসেন ও অ্যাডভোকেট শাহিনুল হক মুন।

এছাড়াও মরহুম ডা. আব্দুল খালেক’র পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর নাসরিন বানু ও ফুফাতো বোন ইয়াসমিন আলমসহ অন্যান্য আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর আওতায় ১৯৮৪ সালে রাজশাহীর কিছু বরণীয় ব্যক্তি অনুরূপ একটি সেবাধর্মী প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানটির প্রাথমিক কার্যক্রম রাজশাহী মহানগরীর মনিবাজারে শুরু হয়।

এমন মহতী উদ্যোগে সাড়া দিয়ে রাজশাহীর বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. মো. আব্দুল খালেক ১৯৯২ সালে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র লক্ষীপুরস্থ’ ‘বাকির মোড়ে’ ৩১.৪৫ শতক জমি দান করলে প্রতিষ্ঠানটি ১৯৯৪ সাল থেকে তার নিজস্ব জায়গা হতে রাজশাহী শহরসহ উত্তরাঞ্চলের জনসাধারণকে হৃদরোগ বিষয়ক চিকিৎসা সেবাসহ হৃদরোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মশালা-সেমিনার ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে আসছে।