ঢাকা | অগাস্ট ২, ২০২৬ - ১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

মোটরশ্রমিক ইউনিয়নের ২৫০ সদস্য পেলেন বয়স্ক ভাতা

  • আপডেট: Saturday, August 1, 2026 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের প্রবীণ সদস্যদের আর্থিক সহায়তা ও কল্যাণ তহবিলের অংশ হিসেবে সদস্যদের মাঝে বয়স্ক ভাতা দেওয়া হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালে ইউনিয়নের স্থায়ী কার্যালয়ে এ ভাতা প্রদান কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা কমিটির পক্ষ থেকে ইউনিয়নের স্থায়ী কার্যালয়ে ২৫০ জন প্রবীণ শ্রমিকের মাঝে জনপ্রতি ৩৫০ টাকা করে মোট ৮৭ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়।

ভাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়ন পরিচালনা কমিটির সদস্য সচিব রজব আলী, সদস্য সৈয়দ এরশাদ আলী পল্টু, মো. আরিফুল ও মো. সাগর।

অনুষ্ঠানে সদস্য সচিব রজব আলী বলেন, আমাদের যে সকল প্রবীণ শ্রমিক ভাই জীবনের দীর্ঘ সময় পরিবহন খাতে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের পাশে দাঁড়ানো এবং সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। শ্রমিকদের কল্যাণে আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ভাতা গ্রহণ করে প্রবীণ শ্রমিকরা বলেন, টাকার পরিমাণের চেয়েও এই বয়সে ইউনিয়নের পক্ষ থেকে খোঁজখবর ও সম্মান পাওয়াটা আমাদের জন্য অনেক বড় কিছু। সমিতি যে আমাদের ভুলে যায়নি এটা ভেবেই ভালো লাগছে। ভাতা প্রদান শেষে সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।