ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১০:৪৬ অপরাহ্ন

বাংলাদেশ-ফ্রান্স একাডেমিক সম্পর্ক জোরদারের আহ্বান ফরাসি রাষ্ট্রদূতের

  • আপডেট: Wednesday, July 29, 2026 - 10:10 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে একাডেমিক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।

বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সিনেট ভবনে আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর ২০২৬’ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকাস্থ সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম। এতে স্বাগত বক্তব্য দেন ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গার্ডেস। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এ ধরনের সংলাপ শিক্ষার্থী ও কূটনৈতিক মহলের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান বক্তার বক্তব্যে ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্ব পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। উচ্চশিক্ষা ও গবেষণা, সাংস্কৃতিক বিনিময়, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু অভিযোজন, প্রযুক্তি এবং টেকসই উন্নয়নের মতো ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি শিক্ষার্থী ও গবেষকদের বিশ্ব সম্পর্কে কৌতূহলী হওয়ার, বিভিন্ন সংস্কৃতি ও ভাষা শেখার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে নিজেদের দক্ষতা বিকাশের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, বিশ্ববিদ্যালয় কেবল পাঠদান ও সনদ প্রদানের প্রতিষ্ঠান নয়; বরং এটি এমন একটি জ্ঞানচর্চার কেন্দ্র, যেখানে শিক্ষার্থীরা মুক্ত চিন্তা, উদার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল নেতৃত্বের শিক্ষা লাভ করে। বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও বৈশ্বিক সহযোগিতা সম্পর্কে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ধারণা অর্জনে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্ববহ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, বিভিন্ন অনুষদের অধিকর্তা, বিভাগীয় সভাপতি, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএস-এর সভাপতি জিল্লুর রহমান।