ঢাকা | অগাস্ট ২০, ২০২৬ - ৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

লক্ষ্মীপুরে আবাসিক হোটেল মালিককে কুপিয়ে জখম

  • আপডেট: Wednesday, July 29, 2026 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি আবাসিক হোটেলের মালিক রাজু আহমেদকে কুপিয়ে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর দাবি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসানের অনুসারীরা এ হামলা চালিয়েছে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত সোমবার সন্ধ্যায় প্রিয়াসী হোটেলের মালিক হাবিবের নেতৃত্বে ১০-১২ জন ক্যাডার রাজুর ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে বলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। যুবদল নেতা নাজির হাসানের সঙ্গে জমি ও বাজার কমিটি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে আহত রাজু জানান।

তবে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা নাজির হাসান জানান, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর নাম জড়ানো হচ্ছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, উভয় পক্ষ থেকে অভিযোগ এসেছে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।