ঢাকা | জুলাই ২৮, ২০২৬ - ১১:২০ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার হলেও নিখোঁজ বাবা-ছেলে

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 9:42 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীতে যাত্রী ও ঝাউগাছবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকায় থাকা আটজন যাত্রীর মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এক বৃদ্ধ ও তাঁর ছেলে নদীর তীব্র স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নদীর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হলেন নগরীর কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকার আফছার আলী (৬০) এবং তাঁর ছেলে জিয়ারুল হক (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর চর মাঝারদিয়াড় এলাকা থেকে ঝাউগাছ কেটে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে আটজন যাত্রী ফিরছিলেন। মাঝনদীতে পৌঁছানোর পর পদ্মার প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি দুলতে থাকে এবং একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। নৌকাটি ডুবতে দেখে নদীর তীরে পদ্মা গার্ডেন এলাকায় অপেক্ষমাণ অন্যান্য নৌকার মাঝি ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন। তাঁদের তাৎক্ষণিক চেষ্টায় পানিতে হাবুডুবু খেতে থাকা আট যাত্রীর মধ্যে ছয়জনকে জীবিত অবস্থায় তীরে তুলে আনা সম্ভব হয়। তবে মুহূর্তের মধ্যেই নদীর স্রোতে তলিয়ে যান আফছার আলী ও তাঁর ছেলে জিয়ারুল।

উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে নিখোঁজ জিয়ারুলের মা জাহেরা বেগমও (৫৫) ছিলেন। চোখের সামনে স্বামী ও সন্তানকে নদীর স্রোতে তলিয়ে যেতে দেখে তীরে উঠে তিনি কান্নায় ভেঙে পড়েন। আহাজারি করতে করতে ছেলের উদ্দেশে তিনি বারবার বলছিলেন, ‘আমার বাপ নাই, আমার বাপ নাই! তোমাহারকে বলছি, আমার বাপ নাই!’ উপস্থিত লোকজন তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তিনি কিছুতেই মানতে পারছিলেন না।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপপরিচালক মনজিল হক জানান, তাদের ছয়জন পেশাদার ডুবুরি পানির নিচে নেমে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি নৌকা নিয়ে নদীর বিভিন্ন পয়েন্টেও নজর রাখা হচ্ছে। বিকেল পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাবা-ছেলে বা ডুবে যাওয়া নৌকাটির কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধার করতে সন্ধ্যা পর্যন্ত এই তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করল রাসিক প্রতিনিধিদল:

এদিকে, রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন বিষপুর ফেরিঘাট (পদ্মা গার্ডেন) এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) একটি প্রতিনিধি দল। দুর্ঘটনার খবর জানার পর রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় সোহেল রানার নেতৃত্বে প্রতিনিধি দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজের সার্বিক খোঁজখবর নেয়।

উদ্ধার অভিযানে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেয়া হয়। পরিদর্শনকালে রাসিক সচিব সোহেল রানা, ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ-পরিচালক মঞ্জিল হক, রাসিকের সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন ও তথ্য সহকারী ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।