ঢাকা | জুলাই ২৮, ২০২৬ - ১০:২২ অপরাহ্ন

রাজশাহীর উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত পদক্ষেপের আহ্বান ৬ জামায়াত এমপির

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 9:37 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করা, প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিরোধী দলের সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

মঙ্গলবার সকাল ৯টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়, সরকারি সেবার মানোন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগের উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থার কার্যক্রম এবং জনসাধারণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অংশগ্রহণকারী সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়নসংক্রান্ত সমস্যা, সম্ভাবনা এবং নাগরিক সেবার নানা বিষয় বিভাগীয় কমিশনারের কাছে তুলে ধরেন। তারা চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন, নতুন প্রকল্প গ্রহণ, সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনভোগান্তি নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা সহজে ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন।

সভায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এবং নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এনামুল হক উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর নায়েবে আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, মহানগর জামায়াতের ত্রাণবিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল ও জেলা সেক্রেটারি গোলাম মর্তুজাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে নিজ নিজ মতামত উপস্থাপন করেন। সভায় বক্তারা বলেন, রাজশাহী বিভাগের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনসম্পৃক্ততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে জনগণ এর সুফল আরও দ্রুত ভোগ করতে পারবে।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ বলেন, রাজশাহী বিভাগের উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি জনস্বার্থে গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত আলোচনার মাধ্যমে রাজশাহী বিভাগের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারি সেবার মান বৃদ্ধি পাবে।