ঢাকা | জুলাই ২৮, ২০২৬ - ১১:১৯ অপরাহ্ন

শিরোনাম

মোহনপুরে বেকার নারীদের টেইলরিং প্রশিক্ষণ উদ্বোধন

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 9:43 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা’র উদ্যোগে রাজশাহীর মোহনপুর উপজেলায় বেকার নারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে তিন মাস মেয়াদি ‘টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং’ (টিডিএম) প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল কেশরহাটস্থ শাপলা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার।

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলীর সভাপতিত্বে এবং সংস্থার সহকারী পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন) জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া।

কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এই কর্মসূচিতে সংস্থার তরফ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এ প্রকল্পের আওতায় উপজেলার ২০ জন বেকার নারীকে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে বিনামূল্যে অনাবাসিক প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন, কাপড় ও প্রয়োজনীয় সরঞ্জামাদি দেওয়া হবে। অনুষ্ঠানে অতিথি ও উপস্থিত বক্তারা জীবিকা উন্নয়নে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।