ঢাকা | জুলাই ২৮, ২০২৬ - ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম

রাবির সাংবাদিকতা বিভাগ ও সোনার দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: সাংবাদিকতা শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং উত্তরাঞ্চলের গণমাধ্যমের মানোন্নয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও দৈনিক সোনার দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২৩ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল) ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।

জার্মানভিত্তিক গণমাধ্যম উন্নয়ন সংস্থা ডয়চে ভেলে একাডেমির উদ্যোগে এবং সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্টের (সাকমিড) বাস্তবায়নে ‘উত্তর বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষা ও চর্চা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে সাকমিডের নির্বাহী পরিচালক কামরুল আহসান বলেন, সাংবাদিকতার মতো ব্যবহারিক বিষয়ে শুধু তাত্ত্বিক ও পরীক্ষামুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা সম্ভব নয়। তাঁদের মাঠপর্যায়ে কাজের সুযোগ তৈরি করে দিতে হবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বছরব্যাপী ব্যবহারিক কাজের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

ডয়চে ভেলে একাডেমির প্রতিনিধি জিমি আমির বলেন, সাংবাদিকতার বৈশ্বিক প্রবণতা পরিবর্তনের সঙ্গে শিক্ষার্থীদের কোর্সের বাইরেও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা প্রয়োজন। শুধু প্রশিক্ষণ নয়, মাঠপর্যায়ে সেই জ্ঞান প্রয়োগের সুযোগও নিশ্চিত করতে হবে। ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় ও স্থানীয় গণমাধ্যমের মধ্যে এমন মেলবন্ধন তৈরি করা দরকার, যাতে শিক্ষার্থীরা হাতে-কলমে সাংবাদিকতা শিখতে পারেন এবং গণমাধ্যমগুলো একাডেমিয়া থেকে গবেষণা ও অন্যান্য সহায়তা পায়।

অনুষ্ঠানে বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার, সহযোগী অধ্যাপক দিল আফরোজা খাতুন ও সহযোগী অধ্যাপক আমেনা খাতুনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাকমিডের ইয়াসিন আহমেদ (জীবু)।