ঢাকা | জুলাই ১৪, ২০২৬ - ৪:২৭ পূর্বাহ্ন

রাজশাহীতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 12:38 am

স্টাফ রিপোর্টার: বাস মালিক ও শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে রাজশাহী থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে আকস্মিক এই সিদ্ধান্ত জানানো হয়। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা ও দেশের বিভিন্ন গন্তব্যের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

রাজশাহীর বিভিন্ন বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, অসংখ্য যাত্রী বাসের জন্য অপেক্ষা করছেন। জরুরি প্রয়োজনে ঢাকা বা অন্য জেলায় যাওয়ার উদ্দেশ্যে এসে বাস না পেয়ে অনেকেই বিকল্প যানবাহনে যাতায়াতের চেষ্টা চালাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরেই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর আগে গত ১৮ মে একই কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। সে সময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ২১ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করে, যাতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে সাধারণ নির্বাচন ছাড়াই এই কমিটি দেয়ার প্রতিবাদে শ্রমিকদের একটি অংশ আন্দোলনে নামে। সেই চলমান বিরোধের জের ধরেই গতকাল সোমবার পুনরায় সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, মালিক-শ্রমিক পক্ষের এই কোন্দল নিরসনে কোনো কার্যকর উদ্যোগের তথ্য পাওয়া যায়নি। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ যাত্রীদের এই দুর্ভোগ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।