ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১:৩৯ পূর্বাহ্ন

রাজশাহী শহর রক্ষা বাঁধ ঝুঁকিমুক্ত করতে যৌথ উচ্ছেদ অভিযান

  • আপডেট: Thursday, July 9, 2026 - 10:09 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী শহর রক্ষা বাঁধকে ঝুঁকিমুক্ত করতে এবং সরকারি সম্পত্তি সংরক্ষণের লক্ষ্যে অবৈধ দখলের বিরুদ্ধে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা থেকে নগরীর কেশবপুর দক্ষিণপাড়া টি-বাঁধ এলাকায় এই অভিযান শুরু হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার। অভিযানকালে টি-বাঁধের ওপর অবৈধভাবে গড়ে ওঠা হাফিজুর রহমান নামের এক দখলদারের নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, রাজশাহী শহর রক্ষা বাঁধকে ঝুঁকিমুক্ত করতে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরো জেলার চিহ্নিত এলাকাগুলোতে এই অভিযান চালানো হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার বলেন, আমরা এর আগে একাধিকবার নোটিশ ও মাইকিং করেছি। কিন্তু তারা নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি। শ্রীরামপুর বাঁধের পুরো অংশজুড়ে এই উচ্ছেদ অভিযান চলবে এবং জনস্বার্থে ভবিষ্যতেও এই ধারা বজায় রাখা হবে।