রাসিকে বারিন্দ মেডিকেল শিক্ষার্থীদের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার: বারিন্দ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগর ভবনের এনেক্স সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব সোহেল রানা। অনুষ্ঠানে রাসিকের স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্ন কার্যক্রম নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এবং উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। তথ্যচিত্রে রাসিকের স্বাস্থ্যসেবা, ইপিআই কার্যক্রম, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং বৃক্ষরোপণ কার্যক্রমের সাফল্য তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে রাসিকের সচিব সোহেল রানা বলেন, রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দিক-নির্দেশনায় পরিচ্ছন্নতা, সবুজায়ন ও পরিবেশের সার্বিক কাজ দ্রুত এগিয়ে চলেছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও আধুনিকায়ন করতে নতুন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হকের সঞ্চালনায় সভায় বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. এন্তেখাব উল আলম, সহকারী অধ্যাপক ডা. রাইহান মঞ্জুরসহ রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।











