ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১:৩৯ পূর্বাহ্ন

নগরীতে মহানন্দা এগ্রোকেয়ারের এমডি আমিনুল ইসলাম গ্রেপ্তার

  • আপডেট: Thursday, July 9, 2026 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে রাজশাহীতে ‘মহানন্দা এগ্রোকেয়ার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা-পুলিশ।

গত বুধবার দিবাগত রাত একটার দিকে নগরের উপশহরের একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১২ এপ্রিল তাঁর স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন আরা খাতুনকেও গ্রেপ্তার করা হয়েছিল, যিনি বর্তমানে জামিনে আছেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, লভ্যাংশ ও অংশীদারত্ব দেয়ার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে রাজশাহী, নাটোর, যশোর ও বগুড়ার আদালতে ছয়টি মামলা চলমান রয়েছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মুস্তারী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, জামিনে মুক্তির পর জেসমিন আরা খাতুন ভুক্তভোগীদের বিরুদ্ধে একটি পাল্টা হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন, যা বর্তমানে পিবিআই তদন্ত করছে। গ্রেপ্তার হওয়ার আগে আমিনুল ইসলাম টাকা নেওয়ার কথা স্বীকার করলেও দাবি করেন যে তিনি টাকা ধীরে ধীরে ফেরত দিচ্ছিলেন।