ঢাকা | জুলাই ৯, ২০২৬ - ১১:২৬ অপরাহ্ন

জাতীয় পরিবেশ বিতর্কে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • আপডেট: Thursday, July 9, 2026 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত অনুষ্ঠিত ১১তম, ১২তম ও ১৩তম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে অনন্য এই কৃতিত্ব দেখায় রাবি দল।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে।

এই সাফল্যের জন্য চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাবি উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম। এবারের ১৩তম প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয়।

প্রতিযোগিতায় রাবি দলের দলনেতা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মামুনুজ্জামান স্নিগ্ধ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

দলের অন্য সদস্যরা হলেন- আইন বিভাগের এম এম আশরাফুল ইসলাম সন্ধি ও দর্শন বিভাগের নিলয় সাহা। চূড়ান্ত পর্বটি গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হয়।