ঢাকা | জুলাই ৩, ২০২৬ - ১২:৩২ পূর্বাহ্ন

নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ কর্মসূচি শুক্রবার

  • আপডেট: Thursday, July 2, 2026 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সঙ্কট দূর, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে আজ রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন।

শুক্রবার সকাল ছয়টায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চ থেকে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই দৌড় শুরু হবে। মিনি ম্যারাথনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহী শাহমখদুম কলেজ প্রাঙ্গণে অংশগ্রহণকারীদের মধ্যে টি-শার্ট ও কিটস বিতরণ করা হয়। এ সময় মিনি ম্যারাথনের লক্ষ্য, উদ্দেশ্য, রুট ম্যাপ ও সার্বিক প্রস্তুতির বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

অনুষ্ঠানে টি-শার্ট ও কিটস বিতরণ করেন- ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, উপদেষ্টা ও শাহমখদুম কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, আহ্বায়ক জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফাসহ আয়োজক কমিটির সদস্যরা।

আয়োজকেরা জানিয়েছেন, মিনি ম্যারাথনটি লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্তমঞ্চে এসে শেষ হবে। এতে বিভিন্ন বয়সী প্রায় সাড়ে ৫০০ প্রতিযোগী অংশ নেবেন। তাঁদের মধ্যে ১৩৫ জন নারী অংশগ্রহণকারী রয়েছেন। আয়োজকদের দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৫টায় লালনশাহ মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে উপস্থিত থাকার কথা রয়েছে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। এরপর সকাল সাড়ে ৭টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলীর।