ঢাকা | জুলাই ২, ২০২৬ - ১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

আজ শুরু এইচএসসি পরীক্ষা: রাজশাহী বোর্ডে এবার পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার

  • আপডেট: Wednesday, July 1, 2026 - 11:55 pm

স্টাফ রিপোর্টার: দেশব্যাপী একযোগে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে, তবে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

এবারের পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, এক বছরের ব্যবধানে এই বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে ৭ হাজার ৫৭৮ জন। চলতি বছর রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যার মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। গত বছর অর্থাৎ ২০২৫ সালে এই বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় ২০৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষাবোর্ড ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী সকল পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেছেন। একই সাথে অভিভাবক ও শিক্ষকবৃন্দ যে কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের এই পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন, সেজন্য তাঁদের অভিনন্দন জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোনো কার্যকলাপে জড়িত থাকলে বোর্ড কর্তৃপক্ষ বিধি মোতাবেক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। তিনি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

সারা দেশের পরীক্ষা পরিস্থিতি: এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী। সারা দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে তারা পরীক্ষায় অংশ নেবেন। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে ৩১০টি কেন্দ্রে ৩ লাখ ৩৯৩ জন। অন্যান্য বোর্ডের মধ্যে দিনাজপুরে ২১২টি কেন্দ্রে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, যশোর বোর্ডে ২৪০টি কেন্দ্রে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, চট্টগ্রামে ১১৪টি কেন্দ্রে ৯৯ হাজার ৬৮৮ জন, সিলেটে ৯৬টি কেন্দ্রে ৭১ হাজার ৭১১ জন, কুমিল্লায় ১৯৩টি কেন্দ্রে ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহে ১১১টি কেন্দ্রে ৭৩ হাজার ০৩৭ জন এবং বরিশালের ১৪২টি কেন্দ্রে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি পরীক্ষা কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

ঢাকা থেকে ডিজিটাল নজরদারি: পরীক্ষায় সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, কক্ষ ব্যবস্থাপনা থেকে শুরু করে সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এবারই প্রথম সারা দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা ঢাকা থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হবে। গতকাল বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে একটি বিশেষ ‘সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল’ গঠন করা হয়েছে। এই মনিটরিং সেলে বসেই দেশের যেকোনো প্রান্তের যেকোনো কেন্দ্রের পরীক্ষা পরিস্থিতি সরাসরি তদারকি করা সম্ভব হবে।