ঢাকা | জুলাই ৩, ২০২৬ - ৩:২১ পূর্বাহ্ন

তানোরে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা

  • আপডেট: Thursday, July 2, 2026 - 10:26 pm

তানোর প্রতিনিধি: তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কয়েকটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের সাইধারা গ্রামে।

ফলে, চলাচলের রাস্তায় বেড়া দেয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ কয়েকটি পরিবার অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার সাইধারা গ্রামবাসী একই গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র হেফাজ উদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহীর তানোর উপজেলার মাইদারা গ্রামের সাইধারা মৌজায়, জেল নম্বর ৫৩, আরএস খতিয়ান নম্বর ৩৮২ ও ৩৭৬, আরএস দাগ নম্বর ১৮১ ও ১৮২, শ্রেণি অকৃষি, পরিমাণ ০,১০ শতাংশ ও ০,০৫ শতাংশ মোট ০,১৫ শতাংশ জমির ওপর দিয়ে রাস্তা রয়েছে।

গ্রামের কয়েকটি পরিবার বংশপরম্পরায় ওই রাস্তা দিয়ে চলাচল করে আসছেন। কিন্তু গত মঙ্গলবার হেফাজ উদ্দিন তার লোকজন নিয়ে বাঁশের বেড়া দিয়ে ওই রাস্তা বন্ধ করে দিয়েছেন। মানুষের চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করে দিয়েছেন হেফাজ উদ্দীন ও তার লোকজন। অপর দিকে বিবাদীগণ জোরপূর্বক ভাবে ১৪ থেকে ১৫ বছর ধরে আদিবাসীর জমি ভোগদখল করে আসছেন।

কিন্তু বর্তমানে তাঁরা মানুষের চলাচলের রাস্তটিও জোর পূর্বক বাঁশের খুটি ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। গ্রামবাসী রাস্তাটি খুলে দেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে হেফাজ উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জায়গা তাদের নিজস্ব সম্পত্তি, এটা কখানোই রাস্তা ছিলো না। তারা বেড়া দিয়েছেন তবে মানুষের চলাচলের মতো জায়গা ছেড়ে দেয়া আছে।

তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন, আমি অভিযোগটি এখনো পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।