ঢাকা | জুন ৩০, ২০২৬ - ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম

মোহনপুরে ট্রাফিক পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, June 30, 2026 - 10:31 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৩৭০ পিস ইয়াবাসহ তৌকির হাসান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কেশরহাট পৌর এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কের তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত তৌকির হাসান বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মেঘা দক্ষিণপাড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় রাজশাহী থেকে নওগাঁগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি শুরু করেন ট্রাফিক কর্মকর্তারা। মোটোরসাইকেল আরোহী তৌকিরের গতিবিধি সন্দেহজনক মনে হলে সার্জেন্ট মুন্তাসির, টিএসআই বাবুল এবং এটিএসআই হেলাল উদ্দিন তার হেলমেট তল্লাশি করতে যান। এ সময় তৌকির মোটরসাইকেল ফেলে পাশের বিলে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন।

পরে কর্তব্যরত পুলিশ সদস্যরা স্থানীয় কৃষকদের সহযোগিতায় তাকে ধাওয়া করে আটক করেন। খবর পেয়ে মোহনপুর থানার এসআই ইয়ামিন ও এসআই শিপনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় অপরাধে ব্যবহৃত ইয়ামাহা এফজেড মোটরসাইকেলটি জব্দ করা হয়।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।